বাংলা সাহিত্যে রবীন্দ্র-নজরুলের অবদান অনস্বীকার্য: ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁদের অবদান অনস্বীকার্য। তাই নতুন প্রজন্মের কাছে তাঁদের সাহিত্য, দর্শন ও আদর্শ তুলে ধরতে হবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রবর্তক একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবর্তক একাডেমির উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এবং সিফাত নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ তানিয়া আহমেদ, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সিনিয়র সাংবাদিক পীযূষ কান্তি আচার্য্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু এবং অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের সভাপতি আনিছুল হক রিপন।
ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের সম্পদ। একজন অপরজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাংলা সাহিত্যে তাঁদের অবদান অনস্বীকার্য। আমরা তাঁদের লালন করতে হবে, ধারণ করতে হবে। বর্তমান প্রজন্মকে রবীন্দ্র-নজরুল সম্পর্কে জানাতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে আবদুল মতিন শিপনের পরিচালনায় নৃত্য পরিবেশন করা হয়। পরে প্রবর্তক একাডেমির শিক্ষার্থীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।



















