Main Menu

এআই দিয়ে ছবি বানিয়ে বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে কুমিরের গুজব

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কুমির দেখা গেছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে গুজব সৃষ্টি করা হয়েছে। তবে ছবিটি ভুয়া বলে মন্তব্য করেছেন অধিকাংশ নেটিজেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে লেখা হয়, *”ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার প্রিয় বিশনন্দীবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ বিশনন্দী ফেরিঘাটে কুমির দেখা গেছে। সবাই সাবধানে থাকবেন, এখন কেউ পানিতে নামবেন না।”*
পোস্টটির সঙ্গে একটি কুমিরের ছবি যুক্ত করা হয়। তবে ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিতে গুগলের এআই প্ল্যাটফর্ম **Gemini**-এর ওয়াটারমার্কও দৃশ্যমান রয়েছে।
পোস্টের মন্তব্যেও অনেকেই ছবিটিকে ভুয়া ও এআই-নির্মিত বলে উল্লেখ করেন। একজন মন্তব্য করেন, *”অন্তত জেমিনির লোগোটা রিমুভ করে নিতেন।”* আরেকজন লেখেন, *”জেমিনি দিয়ে বানানো, এটা সবাই বুঝতে পারে।”* কেউ লিখেছেন, *”ভুয়া”*, আবার কেউ মন্তব্য করেছেন, *”সবই AI।”*
তবে কয়েকজন ব্যবহারকারী গুজবে বিশ্বাস করে বিষয়টি সত্য বলে দাবি করে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন। এ কারণে স্থানীয়দের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে মেঘনা নদীতে কুমির দেখা যাওয়ার কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই বাস্তবসম্মত ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো ছবি বা তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহল বলছে, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে বিরত থাকা এবং তথ্যের সত্যতা নিশ্চিত করে তবেই প্রচার করা উচিত।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares