Main Menu

লাইসেন্সের মেয়াদ শেষ, নিবন্ধনহীন নার্সে সেবা; ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যমুনা ডায়াগনস্টিক ও হাসপাতাল এবং আল খিদমা হাসপাতাল-এ বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ অভিযানে দেখা যায়, হাসপাতাল দুটিতে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া নার্স দিয়ে রোগীদের সেবা প্রদান করা হচ্ছিল। এছাড়া উভয় হাসপাতালই মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত হচ্ছিল।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী।
অভিযানকালে আরও দেখা যায়, আল খিদমা হাসপাতাল-এ চিকিৎসা বর্জ্য (মেডিকেল ওয়েস্ট) ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম রয়েছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।
এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত যমুনা ডায়াগনস্টিক ও হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং আল খিদমা হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের অনিয়ম দূর করে বৈধ কাগজপত্র নিশ্চিত করা, নিবন্ধিত নার্স নিয়োগ এবং চিকিৎসা বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সিভিল সার্জন কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া-এর পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares