ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে ২০ কিলোমিটার পাড়ি দিলেন বৃদ্ধ
[Web-Dorado_Zoom]
সততা ও নৈতিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা শমসের আলী। প্রায় ১৫ বছর আগে লেনদেনের সময় কম দেওয়া ১০০ টাকা ফেরত দিতে তিনি প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া উপজেলার খড়মপুরে পাওনাদারের বাড়িতে হাজির হন।
শুক্রবার সকালে তিনি সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে গিয়ে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম.এন.এইচ. খাদেম দুলালের হাতে ওই ১০০ টাকা তুলে দেন।
শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানো-সংক্রান্ত একটি লেনদেনের সময় অসাবধানতাবশত তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বিষয়টি তাঁর মনে ছিল। পরে জানতে পারেন, দুলাল খাদেম প্রতি শুক্রবার এলাকায় আসেন। সেই সুযোগে তিনি নিজেই টাকা ফেরত দিতে চলে আসেন।
তিনি বলেন, “টাকার পরিমাণ বড় কথা নয়। ১ টাকা হোক বা ১০০ টাকা—অন্যের পাওনা পরিশোধ করা প্রত্যেক মানুষের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এত বছর পর হলেও টাকা ফেরত দিতে এসেছি।”
এ বিষয়ে এম.এন.এইচ. খাদেম দুলাল বলেন, “অনেক সময় লেনদেনের সময় টাকা গুণে রাখা হয় না। ওই সময় এমনটা হয়ে থাকতে পারে। তবে আমার বিষয়টি মনে ছিল না। তিনি এসে ১০০ টাকা দিলে আমি সেটি আবার তাঁর হাতে ফিরিয়ে দিয়ে বলেছি, এই টাকা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন।”
বৃদ্ধ শমসের আলীর এই সততার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তাঁর নৈতিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন।
(Next News) ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার কুমিল্লার শফিকুলের মরদেহ, পরিচয় শনাক্তের পর নেমেছে শোকের ছায়া »



















