ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার কুমিল্লার শফিকুলের মরদেহ, পরিচয় শনাক্তের পর নেমেছে শোকের ছায়া
[Web-Dorado_Zoom]
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাড়ানী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির নিখোঁজের ১০ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাইকপাড়া বড় ব্রিজ সংলগ্ন একটি বিল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহটি তাঁর বলে শনাক্ত করেছেন স্বজনরা।
নিহত শফিকুল ইসলাম ভাড়ানী উত্তরপাড়া গ্রামের মালন মিয়ার ছেলে। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম প্রায় চার বছর কুয়েতে কর্মরত ছিলেন। সেখানে প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশে ফিরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। সর্বশেষ প্রায় ১০ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
নিহতের ছোট ভাই মো. রফিকুল ইসলাম ও মামাতো ভাই সারোয়ার হোসেন জানান, গত ২৮ জুলাই বিজয়নগর উপজেলার পাইকপাড়া বড় ব্রিজ সংলগ্ন একটি বিল থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন **‘বাতিঘর’**-এর সহযোগিতায় মরদেহটি অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন যে সেটি শফিকুল ইসলামের মরদেহ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহের কপাল ও বাম হাতে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কোনো যানবাহনের ধাক্কায় তিনি এসব আঘাত পেয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং কোনো স্বজন উপস্থিত না থাকায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর সহযোগিতায় অজ্ঞাতনামা হিসেবেই দাফনের ব্যবস্থা করা হয়।
নিখোঁজের কয়েক দিন পর স্বজনদের কাছে এভাবে শফিকুল ইসলামের মৃত্যুর খবর পৌঁছানোয় তাঁর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
(Next News) মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার »



















