Main Menu

কসবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রত্যন্ত বল্লভপুর গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
শুক্রবার (৩১ জুলাই) বল্লভপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বল্লভপুর ঈদগাহ মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
মেহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউছুফ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন শিশির, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পলা এবং সাবেক বাদৈর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদেক হোসেন ভূঁইয়া রিপন।
এছাড়া বক্তব্য দেন বল্লভপুর গ্রামের প্রবীণ মুরব্বি গিয়াসউদ্দিন শিবলী, বল্লভপুর সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম ও সদস্য রিপন মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপকারভোগী স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলা বা জেলা সদরে চিকিৎসা নিতে গেলে কয়েক হাজার টাকা ব্যয় হতো। গ্রামের যুবসমাজের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
বল্লভপুর সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
প্রধান অতিথি লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার বলেন, বল্লভপুর সমাজ কল্যাণ সংগঠনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্তমান সময়ে যখন যুবসমাজ নানা সামাজিক সমস্যার মুখোমুখি, তখন বল্লভপুরের তরুণরা মানবিক ও সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের প্রতিটি গ্রামের যুবসমাজ এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares