ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার এক
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের দাতিয়ারা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে একদল নেতা-কর্মী দাতিয়ারা এলাকা থেকে মিছিল বের করেন। পরে তাঁরা কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে মিছিল করেন।
এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ বিভিন্ন নেতার মুক্তির দাবিও জানান তাঁরা।
মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মো. রাজিব মিয়া নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি নবীনগর উপজেলায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, সকালে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাজিব মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার, রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নেতা (Previous News)



















