Main Menu

ওসি খাইরুলের বদলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া, কেউ খুশি, কেউ জানালেন অসন্তোষ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমের ৫১ দিনের মাথায় বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাঁর বদলির খবরে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ তাঁকে ভালো ও সৎ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সেবাপ্রাপ্তি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওসি খাইরুল আলমের কক্সবাজার জেলা পুলিশে বদলির খবর প্রকাশের পর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে এসব প্রতিক্রিয়া জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্যে ইন্দ্রজিৎ বণিক লিখেছেন, ‘আমাদের খাইরুল স্যার অনেক ভালো মানুষ ছিলেন। ধন্যবাদ স্যারকে।’ মানিক খান তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন। রামজান আলী, যিনি নিজেকে ওসির অধীনে চাকরি করা ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছেন, তাঁর মন্তব্যে বলেন, ‘স্যার খুব ভালো মানুষ।’ রাসেল মুন্সীও তাঁকে ভালো মনের মানুষ উল্লেখ করে বলেন, তিনি যেখানেই যাবেন, সেখানেই মানুষের দোয়া পাবেন।
অন্যদিকে, একাধিক মন্তব্যে ওসির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগের বিষয়টি উঠে এসেছে। কয়েকজন অভিযোগ করেছেন, বিভিন্ন প্রয়োজনে ফোন করেও তাঁকে পাওয়া যেত না। কেউ কেউ বলেছেন, তিনি সাধারণ মানুষের ফোনের চেয়ে প্রভাবশালী ব্যক্তিদের ফোন বেশি গুরুত্ব দিতেন। নবীনগরের বাসিন্দা পরিচয় দেওয়া শরিফ উদ্দিন মন্তব্যে জানান, একবার একটি বিষয়ে ফোন করলে কাজ করার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি।
এ ছাড়া সদর থানার আগের ওসিদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেও মন্তব্য করেছেন অনেকে। মোজাফফর ও শহিদুল ইসলাম নামের সাবেক দুই ওসির প্রশংসা করে কয়েকজন মন্তব্যকারী বলেন, তাঁরা দিন-রাত ফোনে সাড়া দিতেন এবং প্রয়োজনীয় কাজে সহযোগিতা করতেন। তাঁদের মতে, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন—এমন একজন কর্মকর্তাকে সদর থানায় দায়িত্ব দেওয়া প্রয়োজন।
ওসি খাইরুল আলমের বদলির কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া উল্লেখ করে সৈয়দ জসিম নামের একজন মন্তব্যকারী লিখেছেন, এ নিয়ে অতিরিক্ত উৎসাহিত হওয়ার কিছু নেই। আবার কয়েকজন মন্তব্যকারী বদলির ঘটনাকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে মন্তব্যের ঘরে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে। কেউ তাঁকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন, আবার কেউ বিএনপি পরিবারের লোক বলে দাবি করেছেন।
বদলির খবরকে কেন্দ্র করে কেউ কেউ সদর থানায় নতুন ওসি নিয়োগের বিষয়ে মতামত দিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যেন সাধারণ মানুষের অভিযোগ শোনেন, ফোনে সাড়া দেন এবং পুলিশি সেবা পেতে মানুষকে হয়রানির শিকার হতে না হয়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সদর মডেল থানার তৎকালীন ওসি মো. শহিদুল ইসলামকে বদলি করে মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছিল। পদায়নের ৫১ দিনের মাথায় তাঁকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে এ বদলি করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্র জানিয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares