এমপি শ্যামলের অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন দিল ছাত্রদল
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের সময় স্যানিটারি প্যাড সহজে পাওয়ার সুযোগ তৈরি করতে দুটি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের অর্থায়নে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মেশিন দুটি স্থাপন করা হয়।
বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাস ও নতুন ছাত্রী হোস্টেলে পৃথকভাবে একটি করে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে জরুরি সামগ্রী সহজে প্রাপ্তি এবং তাদের দৈনন্দিন সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মেশিন স্থাপনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল এ.কে.এম. হক, উপাধ্যক্ষ প্রফেসর মোশাররফ হোসাইন, হল সুপার আব্দুর রউফ ও হোস্টেল সুপার কামাল উদ্দিন।
এ সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া (জিমি হৃদয়), সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ভূঁইয়া, কলেজ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, ছহুল আফজাল, শেখ আরাফাত, শুভ, শান্ত, শেখ জনিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের বিশেষ প্রয়োজনের কথা বিবেচনা করে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এতে জরুরি সময়ে ছাত্রীদের প্যাড সংগ্রহে দুর্ভোগ বা দুশ্চিন্তা কমবে।
তিনি বলেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষ থেকে ছাত্রীদের জন্য এটি একটি উপহার। ভবিষ্যতেও ছাত্রীদের সুবিধার্থে আরও কিছু উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সহজলভ্য হলে জরুরি সময়ে তাদের ভোগান্তি কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।
« বিশ্ব শিক্ষক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ারসহ ১০২ জন পেলেন গুণী শিক্ষক সম্মাননা (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার »



















