ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন নিয়ে মহিলা পরিষদের উদ্বেগ, বেশি ঘটনা তিন উপজেলা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির দাবি, জেলার সদর, আখাউড়া ও নবীনগর উপজেলায় তুলনামূলক বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। দারিদ্র্য, পারিবারিক অসচেতনতা, যৌথ পরিবারের নানা জটিলতা এবং মধ্য ও উচ্চবিত্ত পরিবারের পরকীয়া ও অহংকারবোধকে এসব ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহসভাপতি মিলি আক্তার। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা সিকদার দিনা।
এ সময় উপস্থিত ছিলেন সহসভানেত্রী গীতা রায়, জেলা প্রচার সম্পাদক কোহিনূর আক্তার প্রিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাছুমা খানম, আন্দোলন সম্পাদক রত্না দাস ও সদস্য লাবণ্য রানী দাসসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।সংবাদ সম্মেলনে ২০২৬ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জেলায় সংঘটিত এবং গণমাধ্যমে প্রকাশিত নারী ও শিশু নির্যাতনের বেশ কয়েকটি ঘটনার বিবরণ তুলে ধরা হয়।
এর মধ্যে গত ১১ এপ্রিল নবীনগরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, ২৮ এপ্রিল আশুগঞ্জের বাগানবাড়ি এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এবং ৩০ এপ্রিল জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতির গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করা হয়।
এ ছাড়া ২৫ সেপ্টেম্বর আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আদিলদিল গ্রামে সাত বছর বয়সী শিশু মাহিদা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ সেপ্টেম্বর ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের আলামত এবং অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাশাপাশি নাসিরনগরে পাঁচ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ এবং গত ৭ অক্টোবর এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মানববন্ধন, লিফলেট বিতরণ, পোস্টার অঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নারী সমাবেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
« হুইলচেয়ারে বসে স্বপ্ন দেখেন লিখন, একবার ছুঁয়ে দেখতে চান তারেক রহমানকে (Previous News)



















