ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
[Web-Dorado_Zoom]
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ ও ওসি (ডিবি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং থানাভিত্তিক কার্যক্রমের মূল্যায়ন করা হয়। ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ সময় ২০২৬ সালের জানুয়ারি মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় অপরাধ দমন ও জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
« কসবায় ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু, আটক ২ (Previous News)



















