Main Menu

পাঠ্যবইয়ের বাইরে বই পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার ২০ হাজার শিক্ষার্থী

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় পাঠ্যবইয়ের বাইরে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও নৈতিক শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের বই পড়ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী। জেলা প্রশাসনের উদ্যোগে গত দুই মাসে জেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ বইপড়া কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ ও সৃজনশীল চিন্তার চর্চাকে উৎসাহিত করতে জেলাব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলার চার
শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। পরবর্তী সময়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও বাছাই শেষে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১৩৫ জন শিক্ষার্থী।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা এবং একটি জ্ঞানভিত্তিক, মননশীল ও আলোকিত প্রজন্ম গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।’
তিনি জানান, গত ৪ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে বইপড়া কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচিত ১৩৫ জন শিক্ষার্থীকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় বাংলা সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, জীবনী, শিশু-কিশোর সাহিত্য ও নৈতিক শিক্ষাবিষয়ক নির্বাচিত বইকে গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, আগামী ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় বইপড়া কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares