Main Menu

ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার, রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নেতা

[Web-Dorado_Zoom]
রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ডিএমপির পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদার (৩৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বেলা ৩টা ৫ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান হীরাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখকে এবং রাত পৌনে ৮টার দিকে একই সেক্টরের ২ নম্বর সড়ক থেকে শাহাদাত খানকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নান্নু শেখ ও সালাউদ্দিন খান বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব কর্মকাণ্ডের ছবি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করতেন বলে পুলিশের দাবি। সালাউদ্দিনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা এবং শাহাদাত খানের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।
এ ছাড়া উত্তরা পূর্ব থানা-পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares