Main Menu

কসবায় ছাত্রদলের ১৯ ইউনিটের কমিটি বিলুপ্ত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের ১৯টি ইউনিটের কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার পর সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কসবা উপজেলা ছাত্রদলের ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া। অন্যদিকে, পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।
কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু বলেন, ইউনিয়ন কমিটিগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব কমিটি নিষ্ক্রিয় থাকায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।এর আগে গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
গত ৪ নভেম্বর নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।এরপর গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২৭ জন আহত হন।
এ ঘটনার পরদিন ৮ নভেম্বর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নে সড়ক অবরোধ করা হয়।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কসবা বিএনপির রাজনীতিতে দুটি পক্ষের মধ্যে বিভক্তি তৈরি হয়। ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ক্রমেই বিএনপির দুই পক্ষের রাজনৈতিক বিরোধে রূপ নিয়েছে।
এ অবস্থায় একযোগে ১৯টি ইউনিটের কমিটি বিলুপ্তির ঘটনায় কসবা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares