Main Menu

দিদার হত্যা: এক সপ্তাহেও গ্রেপ্তার হয়নি আসামিরা, বাবার কান্নায় ভারী মানববন্ধন

[Web-Dorado_Zoom]
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিশোর দিদার হোসেন (১৫) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে ছেলের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন দিদারের বাবা, দাদি ও স্বজনরা।
রোববার (১ নভেম্বর) দুপুরে নিহত দিদারের নিজ গ্রাম উপজেলার চৌবেপুর বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন মেহারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন মিয়া, কাজী মানিক, শিক্ষক ইসমাইল হোসেন, আবু সাহেল, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন হায়দার, আব্দুল জলিল, রুবেল মিয়া, এইচ এম ইসমাইল রেজা, তুহিন রেজা ও আশরাফ জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, দিদার দরিদ্র পরিবারের সন্তান ছিল। সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাহিদ মিয়া পেছন থেকে দা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে দিদার মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
তাঁরা বলেন, দিদার হত্যার এক সপ্তাহ পার হলেও মামলার এজাহারভুক্ত আসামি এরশাদ মিয়া ও মাহিদ মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর দুপুরে নারিকেল পাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিবেশী মাহিদ মিয়া দিদার হোসেনকে পেছন থেকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা ও পরে কুমিল্লায় নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে এরশাদ মিয়া ও মাহিদ মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares