Main Menu

হত্যা মামলার দুই আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

[Web-Dorado_Zoom]
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রফিকুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১১-সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ দল গত মঙ্গলবার গভীর রাতে জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেফতাররা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) এবং রিমন মিয়া (২০)।
বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুন হওয়া রফিকুল ইসলাম রফিক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা। রফিকের ছোট ভাইয়ের মেয়েকে আসামি রাকিব মিয়া একই এলাকার আসিফ মিয়ার সহায়তায় তুলে নিয়ে যায়। রফিকুল ইসলাম আসিফকে তার ছোট ভাইয়ের মেয়েকে ফিরিয়ে দিতে বললে, সে টালবাহানা করে এবং রফিকের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকে।
এরই জের ধরে গত ৮ ফেব্রয়ারি রাত সাড়ে ৮টার দিকে রফিক গাজীপুর বাজার থেকে নিজ বাড়িতে আসার সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকের ওপর হামলা করে। খবর পেয়ে পরে রফিকের পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রফিকের স্ত্রী বাদী হয়ে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ও অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares