দিনেদুপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, পৌনে ২ লাখ টাকা ছিনতাই
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনেদুপুরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পৌনে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারে কিস্তির টাকা সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত ওই কর্মকর্তার নাম মো. জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় গ্রামে চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত সোহেল মিয়াকে (৩৫) আসামি করে রাতে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে জজ মিয়ার বাড়িতে কিস্তির টাকা সংগ্রহ করতে যান ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন। গ্রাহকদের কাছ থেকে কিস্তির মোট ১ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়। গ্রামের পশ্চিম পাড়ার আনোয়ার মিয়ার ছেলে সোহেল মিয়া ধারালো ছুরি নিয়ে জসিম উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে তাঁর কাছে থাকা আদায়কৃত ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসা দেন।
আহত ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, “ছিনতাইয়ের পর সোহেল আমাকে হুমকি দিয়ে গেছে, এ নিয়ে মামলা করলে আমাকে জানে মেরে ফেলা হবে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার খবর পেয়ে গ্রামীণ ব্যাংক কুমিল্লা জোনাল অফিসের প্রধান সানোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সানোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকাশ্যে দিনেদুপুরে একজন ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করা হলো, অথচ ছিনতাইকারীর ভয়ে আশপাশের কেউ এগিয়ে এল না। এটি অত্যন্ত দুঃখজনক।”
গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান জানান, এ ঘটনায় আহত সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক জসীম উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সোহেলকে ধরতে অভিযানে নেমেছে। সে এলাকার একজন উশৃঙ্খল ও চিহ্নিত মাদকাসক্ত। দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”



















