স্বামীর মোবাইলে শিক্ষার্থীর উপবৃত্তির টাকা: আখাউড়ার শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা নিজের স্বামীর মোবাইল নম্বরে নেওয়ার অভিযোগে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেয় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
অভিযুক্ত আয়েশা আক্তার আগে উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মিনারকুটে এন আই ভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা শিক্ষা অফিস তদন্ত করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। পাশাপাশি তাকে ব্যক্তিগত শুনানির জন্য তলব করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, ২০২৪ সালে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী পরশ মিয়া উপবৃত্তির জন্য নির্বাচিত হয়। কিন্তু তার অভিভাবকের মোবাইল নম্বরের পরিবর্তে তৎকালীন শ্রেণি শিক্ষক আয়েশা আক্তার তার স্বামী ইব্রাহিম খলিলের মোবাইল নম্বর উপবৃত্তির তালিকায় যুক্ত করেন। এরপর ছয় মাস পরপর ওই নম্বরে উপবৃত্তির অর্থ জমা হতে থাকে।
গত ৯ জুলাই বিষয়টি সামনে আসে। পরশের অনিয়মিত উপস্থিতি নিয়ে তার মা খুকি বেগমকে বিদ্যালয়ে ডাকা হলে শিক্ষকরা জানান, নিয়মিত বিদ্যালয়ে না এলে উপবৃত্তি বন্ধ হয়ে যেতে পারে। তখন খুকি বেগম জানান, তার ছেলে কখনোই উপবৃত্তির টাকা পাননি।
পরে বিদ্যালয়ের নথিতে থাকা মোবাইল নম্বর যাচাই করে দেখা যায়, সেটি শিক্ষার্থীর পরিবারের নয়; বরং শিক্ষক আয়েশা আক্তারের স্বামী ইব্রাহিম খলিলের। বিষয়টি জানাজানির পর ওই দিন বিকেলে ২ হাজার ৭০০ টাকা ফেরত দেওয়া হয়। জানানো হয়, গত আড়াই বছরে ওই পরিমাণ অর্থই ওই নম্বরে জমা হয়েছিল।
এ ঘটনায় বিভাগীয় মামলার পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
« নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার (Previous News)



















