স্পিডবোটে শিশুর ভাড়া চাওয়ায় সংঘর্ষ:: বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ একজন
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দিতে স্পিডবোটে তিন বছরের এক শিশুর ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, স্পিডবোট ঘাটে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের এক শিশুর ভাড়া দাবি করেন চালক ইমরান। এ সময় ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা শিশুর ভাড়া না নেওয়ার কথা বললে চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক ইমরান ঘাটের টোল আদায়কারী বাবুলের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সন্ধ্যায় নামাজ শেষে পূর্বপাড়া ২ নম্বর ওয়ার্ডের কবরস্থানসংলগ্ন মসজিদ থেকে বের হওয়ার সময় আসাদুল্লাহর ওপর আগে থেকে ওঁত পেতে থাকা স্পিডবোট
চালক ইমরানের পক্ষের ৭-৮ জন হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি আহত হন।
পরিবারের সদস্যরা জানান, আসাদুল্লাহর ওপর হামলার খবর পেয়ে স্বজন ও ঘাট-সংশ্লিষ্ট কয়েকজন পূর্বপাড়া ঈদগাহ মাঠ এলাকায় গেলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে শরীফ নামে এক যুবক কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি মরিচাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের তলপেটে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, “মরিচাকান্দিতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্পিডবোটের ভাড়া নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
« আখাউড়ায় ‘অতিরিক্ত মদ্যপানে’ এক ব্যক্তির মৃত্যু (Previous News)



















