সুজিতে ছত্রাক, পাউরুটিতে ময়লা; আজওয়া বেকারিকে সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
[Web-Dorado_Zoom]
কাঁচামাল হিসেবে সংরক্ষিত সুজিতে ছত্রাক এবং উৎপাদিত পাউরুটি ও বানে ময়লা-মল-আবর্জনা সদৃশ উপাদান পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আজওয়া ফুড প্রোডাক্ট (বেকারি)কে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ২৭ জুলাই ২০২৬ তারিখে উৎপাদিত পাউরুটি ও বান গ্রহণ না করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই এক ভোক্তা অভিযোগ করেন যে, আজওয়া ফুড প্রোডাক্ট থেকে কেনা একটি পাউরুটিতে ময়লা-মল সদৃশ উপাদান পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) সদর উপজেলার কাউতলী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির আউটলেট পরিদর্শন করা হয়।
পরিদর্শনে প্রক্রিয়াজাতকরণ ইউনিট পরিষ্কার-পরিচ্ছন্ন পাওয়া গেলেও কাঁচামাল হিসেবে সংরক্ষিত সুজিতে ছত্রাকের উপস্থিতি পরিলক্ষিত হয়। এছাড়া আউটলেটে বিক্রির জন্য রাখা পাউরুটি ও বানের ইন্দ্রিয় (সেনসরি) পরীক্ষায় ময়লা-মল-আবর্জনা সদৃশ উপাদান পাওয়া যায়।
এ সময় আউটলেটে থাকা সংশ্লিষ্ট সব পাউরুটি ও বান তাৎক্ষণিকভাবে জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি উৎপাদন ও মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, মালিকপক্ষ প্রাথমিকভাবে তাদের দোষ স্বীকার করায় তাদের সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ভোক্তা স্বার্থবিরোধী অপরাধের পুনরাবৃত্তি ঘটলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়ার সকল ভোক্তার প্রতি অনুরোধ জানিয়েছে, আজওয়া ফুড প্রোডাক্ট (বেকারি) থেকে ২৭ জুলাই ২০২৬ তারিখে উৎপাদিত পাউরুটি ও বান কেউ যেন গ্রহণ বা ভক্ষণ না করেন। ইতোমধ্যে এসব পণ্য ক্রয় করে থাকলে তা ব্যবহার না করে বর্জন করারও আহ্বান জানানো হয়েছে।
(Next News) লাইসেন্সের মেয়াদ শেষ, নিবন্ধনহীন নার্সে সেবা; ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা »



















