সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক আয়োজন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে ছিল চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও একক অভিনয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা মোহাম্মদ আলাউদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এবং সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুর কামাল। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
« নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত (Previous News)
(Next News) চেয়ারম্যান জালাল উদ্দিনকে পুনর্বহালের নির্দেশ ডিসির, অভিযোগ তুলে ডাকা প্রেস কনফারেন্স বাতিল »



















