শহীদ বুদ্ধিজীবী আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে সরাইল প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলের কৃতী সন্তান শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন সরাইল প্রেসক্লাব। সেখানে কোরআন তেলাওয়াত শেষে বকুল মিয়াসহ সকল শহীদের জন্য করা হয়েছে বিশেষ মোনাজাত।
১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ টায় সদর ইউনিয়নের আলীনগরে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, প্রেসক্লাবের সহসভাপতি এস,কে ইউসুফ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রেসক্লাবের সদস্য শেখ সিরাজুল ইসলাম, সমাজসেবক সৈয়দ নাদির হোসেন,জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে এই বুদ্ধিজীবীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসছে সরাইল প্রেসক্লাব।
শহীদ বকুল মিয়ার স্ত্রী নুরুল আক্তার বলেন, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর সকালে কোরআন তেলাওয়াতরতঃ অবস্থায় আমাদের সামনে থেকে চোখ বেঁধে পাকবাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে যায় আমার স্বামীকে, পরদিন দেবর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনকে আটক করে। ৪ দিন পর শহরের পাশ ঘেঁষা কুরুলিয়া খালের পাড়ে ২ ভাইয়ের ক্ষতবিক্ষত লাশের সন্ধান মিলে। ১০ ডিসেম্বর তাদের লাশ এনে দাফন করা হয়। ৫৪ বছরে রাষ্ট্রীয়ভাবে সমাধি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আকবর হোসেনের ছেলে অ্যাডভোকেট সৈয়দ তানভীর আহমেদ কাউছার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে শহীদ তার পিতা শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর ঘটনায় প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















