ভূমি সেবায় অতিরিক্ত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ভূমি সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি আব্দুল মান্নান বলেন, নামজারি ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে—এমন অসংখ্য অভিযোগ তার কাছে এসেছে। জনগণকে হয়রানি করে বা সরকারি নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, **“ভূমি অফিস জনগণের সেবার প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”**
নিজের নাম বা আত্মীয়-স্বজনের পরিচয় ব্যবহার করে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়েও সতর্ক করেন সংসদ সদস্য। তিনি বলেন, **“আমার ভাগিনা, ভাতিজা, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কারও নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে। আমার নাম বা পরিবারের সদস্যদের পরিচয় ভাঙিয়ে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”**
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বীন মনসুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
« আখাউড়ায় ‘খাবারের সন্ধানে’ লোকালয়ে বানরের দল (Previous News)
(Next News) নবীনগরে আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন »



















