ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অজ্ঞাত যুবকের মৃত্যু, মেলেনি পরিচয়
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক বয়স ২৫) মৃত্যু হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম পাশে টিনশেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের একটি বগি থেকে কয়েকজন যাত্রী অসুস্থ অবস্থায় থাকা অজ্ঞাত ওই যুবককে প্ল্যাটফর্মে নামিয়ে দেন। পরে স্টেশনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ও স্টেশন পাড়ার মাহফুজ মিয়া তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শাহ আলম মিয়া জানান, মৃত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় নির্ধারণের জন্য অনুরোধ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, যুবকের চেহারা অক্ষত থাকায় পরিচয় শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিচয় পাওয়া না গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হয়েছে।
« সরাইলে ছেলে-বউয়ের সঙ্গে অভিমানে বৃদ্ধার আত্মহত্যা (Previous News)



















