Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়ন ও নাগরিক দুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি-পরিবেশ) ব্রাহ্মণবাড়িয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার অনুপ্রেরণায় গঠিত এসিজি-পরিবেশ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম বলেন, খাল দখল, পুকুর দখল ও ভরাট, ড্রেনে ময়লা ফেলা এবং যানজটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পৌর নাগরিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে। অনুমোদনবিহীন ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
পৌর প্রশাসক বলেন, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর ও টেকসই করতে ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। ঠিকাদারের নিজস্ব জনবল ও যানবাহনের মাধ্যমে বাসাবাড়িসহ বিভিন্ন উৎস থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট পয়েন্টে জমা করা হবে। পরে পৌরসভা সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং ফিল্ডে স্থানান্তর করবে।
তিনি আরও জানান, সনাকের সঙ্গে পূর্বের সভার সিদ্ধান্ত অনুযায়ী পাইকপাড়া বান্নিঘাট এলাকায় বর্জ্য ফেলার জন্য দুটি বড় বিন স্থাপন করা হয়েছে। বিন পূর্ণ হয়ে গেলে পৌরসভাকে জানালে দ্রুত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ২২টি ড্রেন সংস্কার ও নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এসিজি-পরিবেশের উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে পৌর প্রশাসক বলেন, মধুপাড়া-শান্তিবাগ এলাকায় সরেজমিনে পরিদর্শন করে খাল দখলমুক্তকরণ, জলাবদ্ধতা নিরসন ও ড্রেনের ওপর স্ল্যাব স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একইভাবে গিরিধারি মন্দিরসংলগ্ন পুকুর কচুরিপানামুক্ত করা, পুকুরে বাথরুমের সংযোগ ও ভাসমান টয়লেটের বিষয়টি সমাধান এবং মন্দিরে প্রবেশের রাস্তা ও ওই এলাকার জলাবদ্ধতা নিরসনেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
সনাক সদস্য মো. আরজু মিয়া বলেন, জনসচেতনতা তৈরির পাশাপাশি নাগরিক দুর্ভোগ কমাতে পৌর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে সনাক।
সনাক সভাপতি জয়দুল হোসেন বলেন, পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যে কিছু দৃশ্যমান কাজ করেছে। সভায় উঠে আসা বিভিন্ন সমস্যা সমাধানে লাইট স্থাপন, বিন সরবরাহ এবং মধ্যপাড়া-শান্তিবাগ ও গিরিধারি মন্দির এলাকা পরিদর্শনে আগ্রহ প্রকাশ করায় পৌর প্রশাসককে সনাক ও টিআইবির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
সনাক সদস্য মো. মোক্তার হোসেন শব্দদূষণ রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ পৌরসভার বিভিন্ন পুকুর ও খাল পরিষ্কার এবং ড্রেন নির্মাণ ও সংস্কারের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
এসিজি-পরিবেশের সমন্বয়ক অলি আহাদ রতন বলেন, পৌর নাগরিকদের সঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হচ্ছে। এসব সমস্যা সমাধান হলে মধ্যপাড়া-শান্তিবাগ ও গিরিধারি মন্দির এলাকার পরিবেশ ও নাগরিক সেবার মান উন্নত হবে।
এসিজি-পরিবেশের সহসমন্বয়ক নুসরাত জাহান বুশরা নারীদের জন্য পৃথক পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানান।
সভায় বান্নিঘাট, মধ্যপাড়া-শান্তিবাগ ও গিরিধারি মন্দির এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসিজি ও ইয়েস সদস্যরা বক্তব্য দেন। তাঁরা সাবেরা সোবহান স্কুল থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌরসভার আওতাধীন সড়ক এবং শান্তিবাগ সড়কের বেহাল দশা তুলে ধরে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে পৌরসভার কনজারভেন্সি সেকশনের সমাজ উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সংরক্ষণ পরিদর্শক মো. গোলাম মোস্তফাসহ সাধারণ পৌর নাগরিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আবদুর রহমান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares