Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর খাদিমপাড়া এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভাদুঘর এলাকার জুয়েল মিয়া (৩৬), সিরাজুল ইসলাম (৫৪), রতন মিয়া (৪০), পল্টু সরকার (২৬) ও দেওয়ান মিয়া (৩৩)।
এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল মিয়ার চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালানোর চেষ্টা করলে অভিযানিক দলের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা জানিয়েছেন। কমিশনের বিনিময়ে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়ায় উৎসাহিত করতেন। পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসআরবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। পরে তাদের ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares