ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ পুষ্পস্তবক অর্পন করেন। এরপর গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের প্রদ্ধা জানান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ।
পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা রেডক্রিসেন্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণি-পেশার মানুষ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টার দিকে দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে জেলা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।
এদিকে সকাল আটটা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ শারিরীক কসরত প্রদর্শন করেন। দুপুরে স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য। জেলাপ্র্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ড আহবায়ক সৈয়দ এমরানুর রেজা প্রমুখ। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।



















