ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইউনাইটেড ওয়ারিয়র্স
ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৩-১ গোলে আইডিয়াল লায়ন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে **ইউনাইটেড ওয়ারিয়র্স**।
শনিবার বিকেলে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ইউনাইটেড ওয়ারিয়র্স। নির্ধারিত সময় শেষে তারা ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
আয়োজক সূত্রে জানা যায়, গত সপ্তাহে টুর্নামেন্টে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের আটটি দল অংশ নেয়। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে ইউনাইটেড ওয়ারিয়র্স এবং আইডিয়াল লায়ন্স ফাইনালে ওঠে।
ফাইনাল ম্যাচের আগে দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে ৩০ মিনিটের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে কোনো দল গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের স্পেশাল অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুর রহিম গোলাপ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনাইটেড কলেজের অধ্যক্ষ ইবনে আঈন মারুফ, কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, শাহিন মৃধা এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিনাবালা মল্লিক।
খেলায় অসাধারণ নৈপুণ্যের জন্য **ম্যান অব দ্য ম্যাচ** নির্বাচিত হন ইউনাইটেড কলেজের শিক্ষার্থী **মো. সাজ্জাদ**। এছাড়া পুরো টুর্নামেন্টে ধারাবাহিক সেরা পারফরম্যান্সের জন্য **ম্যান অব দ্য টুর্নামেন্ট** নির্বাচিত হন ইউনাইটেড কলেজের **মো. রিফাত**।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কলেজের পরিচালক সিরাজুল ইসলাম সুমন, আজহারুল ইসলাম ও শহিদুল এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক অভিজিৎ রায় ও বশিরুল ইসলাম।



















