ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩০
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের দামচাইল, খোলাপাড়া, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন তারিফ (২০), সালমান (৪), বায়জিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকেল থেকে একটি পাগলা কুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালাতে থাকে। একপর্যায়ে কুকুরটি নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন হাংমাড়া মসজিদের সামনে কুকুরটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলেন।
ঘটনার পর আহতদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যা ৭টার দিকে জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ চালু করে। সেখানে আহতদের জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিক্স-ভিসি ও র্যাভিক্স-আইজি ভ্যাকসিন দেওয়া হয়।
আহতদের স্বজনরা জানান, কুকুরটি খোলাপাড়া থেকে দামচাইল হয়ে সাদেকপুর ও আশপাশের এলাকায় ঘুরে বেড়ানোর সময় একের পর এক মানুষকে কামড়ায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ওআরটিসি বিভাগের ইনচার্জ ফেরদৌসী বেগম বলেন, ঘটনার খবর পাওয়ার পর জরুরি ভিত্তিতে বিভাগ খোলা হয় এবং আহতদের ভ্যাকসিন দেওয়া শুরু করা হয়। অন্য আক্রান্তরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুল হাসান জানান, সাদেকপুর থেকে ফোনে একসঙ্গে ২০ থেকে ৩০ জনকে কুকুরে কামড়ানোর খবর পেয়ে দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন মজুত রয়েছে। কুকুরে কামড়ালে বা আঁচড় দিলে আতঙ্কিত না হয়ে ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
« ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার (Previous News)



















