Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকার জায়গা উদ্ধারে অভিযান শুরু

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম মোদকবাড়ির মোড়ে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা জেলা পরিষদের কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ প্রশাসন। বুধবার সকালে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে জায়গাটির সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু করেন।
জানা গেছে, মোদকবাড়ির মোড় এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ২ দশমিক ২০ শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে বসবাস এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের প্রধান হিসাবরক্ষক কাজী সানাউল হক, সার্ভেয়ার বদিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসক সিরাজুল ইসলাম। এ সময় জমির সীমানা পরিমাপ ও চিহ্নিতকরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পাশাপাশি অবৈধ দখলদারদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি কোনোভাবেই অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না। জেলা পরিষদের অধীন বেদখল থাকা সব সম্পত্তি চিহ্নিত করে পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হবে। অনিয়ম, দুর্নীতি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে জায়গাটি বেদখলে থাকায় এলাকায় যানজট ও বিভিন্ন ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মোদকবাড়ির মোড়ের স্বাভাবিক চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তিও সুরক্ষিত হবে।
জেলা পরিষদ সূত্র জানিয়েছে, সরকারি সম্পত্তি পুনরুদ্ধার এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান ও আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares