বিজয়নগরে সীমান্তে গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান বিজিবির
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ভারত সীমান্তে গুজব ছড়িয়ে অযথা উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য, ভিডিও বা ফেসবুক লাইভ প্রচার থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানিয়েছে বাহিনীটি।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এ আহ্বান জানান।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিংগারবিল ইউনিয়নের কয়েকজন যুবক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন পোস্ট করেন। তবে স্থানীয়দের দাবি, পোস্টে উল্লেখিত ঘটনাগুলোর কোনো বাস্তবতা ছিল না। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সিংগারবিল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী নোয়াবাদী, নলগরিয়া, কাশিনগর ও কাসিমপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি প্রতিদিনের মতোই সতর্ক অবস্থানে রয়েছে। কিন্তু অতিউৎসাহী কিছু টিকটকার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।
তিনি আরও বলেন, সীমান্তে লাঠি-দা নিয়ে জড়ো হওয়া, ভিডিও ধারণ বা ফেসবুক লাইভ করে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক আইন অমান্য করে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।
(Next News) বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পাইপে পানি খাওয়ানোর ভাইরাল ভিডিও: মূল অভিযুক্ত চাঁন বাদশা গ্রেপ্তার »



















