বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পাইপে পানি খাওয়ানোর ভাইরাল ভিডিও: মূল অভিযুক্ত চাঁন বাদশা গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে কোরবানির পশুর হাটে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় ভাইরাল ভিডিওর মূল অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) ভোরে উপজেলার কড়ইকান্দি (বাহেরচর) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় তার সহযোগী শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।
গত ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ছাগলের মুখ চেপে ধরে রেখেছেন এবং অপর একজন প্লাস্টিকের মগের সাহায্যে পাইপ দিয়ে জোরপূর্বক ছাগলটির পেটে পানি ঢুকিয়ে দিচ্ছেন। ভিডিওতে উপস্থিত একজনকে এ ধরনের অমানবিক আচরণের সমালোচনা করতেও শোনা যায়। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
পুলিশ জানায়, ভিডিওটি চলতি বছরের কোরবানির ঈদ উপলক্ষে অনুষ্ঠিত রূপসদী পশুর হাটে ধারণ করা হয়েছিল। তদন্তে জানা যায়, অভিযুক্ত চাঁন বাদশা নিজের কেনা ছাগলটিকে বিক্রির আগে ওজন বেশি দেখানোর উদ্দেশ্যে জোর করে পানি খাওয়াচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাণিসম্পদ-সংক্রান্ত প্রযোজ্য আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, “ফেসবুকে ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে মূল অভিযুক্ত চাঁন বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্টের অভিযান: ৩০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২০ হাজার টাকা »



















