নাসিরনগরে চুরির ঘটনায় আর্জেন্টিনার সমর্থক আটক, গ্রাম্য বিচারের ভিডিও ভাইরাল
[Web-Dorado_Zoom]
নাসিরনগর উপজেলার গুনিয়াউট ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে শাহিন মিয়া (২২) নামে আর্জেন্টিনার সমর্থক এক যুবককে আটক করে স্থানীয় গ্রাম্য বিচার ও সালিশ বৈঠকের মাধ্যমে ছেড়ে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে গুনিয়াউট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেন। আটক শাহিন মিয়া গুনিয়াউট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং গিয়াস মিয়ার ছেলে। স্থানীয়দের কাছে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন পরিচিত সমর্থক হিসেবেও পরিচিত।
গ্রাম্য পুলিশ সদস্য আহম্মেদ আলী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) দিবাগত রাতে ইউনিয়নের একরাম হোসেনের ঘর থেকে একটি মোবাইল ফোন ও একটি টর্চলাইট চুরি হয়। ঘটনার পর স্থানীয়রা অনুসন্ধান চালিয়ে শাহিন মিয়ার বাড়ির পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটিতে চুরি হওয়া টর্চলাইট এবং শাহিনের ব্যবহৃত কিছু কাপড় পাওয়া যায়। এসব আলামতের ভিত্তিতে স্থানীয়রা তাকে চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ করেন। পরদিন মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শাহিনকে আটক করে স্থানীয় সালিশ বৈঠকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় চুরি হওয়া টর্চলাইট উদ্ধার করা গেলেও মোবাইল ফোনটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সালিশ বৈঠকের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, শাহিনের বিরুদ্ধে এর আগেও মোবাইল চুরি ও বিভিন্ন ধরনের চুরির অভিযোগ উঠেছিল। তবে অধিকাংশ ঘটনাই স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে। সালিশ বৈঠকে শাহিন চুরির বিষয়টি স্বীকার করেন এবং নিজেকে আর্জেন্টিনার সাপোর্টার বলে দাবি করেন।
এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শাহিনকে আটক করা হয়েছিল। পরে সালিশ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আমি ওই সালিশে উপস্থিত ছিলাম না। আইনের বাইরে গিয়ে এভাবে কোনো অভিযুক্তকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও দেখেছি। তবে এ বিষয়ে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করা হয়নি। স্থানীয়রা নিজেরাই অভিযুক্তকে আটক করে বিচার শেষে ছেড়ে দিয়েছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।”
উল্লেখ্য, আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড ইতোমধ্যে আলোচনায় এসেছে। জেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানো, শোভাযাত্রা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে।
(Next News) বিজয়নগরে নৌকা থেকে পড়ে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু »



















