Main Menu

নবীনগরে শ্রী শ্রী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেন্টিলেটরের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার, রুপার সামগ্রী, তিনটি শ্যালগ্রাম শিলা এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ আচার্য জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ ভরি স্বর্ণের অলংকার, প্রায় ২০ ভরি রুপার সামগ্রী, নগদ ২০ হাজার টাকা এবং তিনটি শ্যালগ্রাম শিলা।
শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সীতানাথ সূত্রধর বলেন, দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকারসহ আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares