নবীনগরে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আট প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে মোট ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ২ লাখ সাত হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৪জন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। সে হিসাবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩১ হাজার ৮৪৫টি ভোট।
তবে পাঁচ প্রার্থী সেই কোটা পূরণে ব্যর্থ হয়ে জামানত হারিয়েছেন।
এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজু ‘হাতপাখা” প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৫৮৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম ‘লাঙ্গল” প্রতীকে পেয়েছেন ৩৬৮ ভোট, কমিউনিস্ট পার্টির মনোনীত কাস্তে প্রতীকে মো: শাহিন খান ৩৫৪ ভোট, গণসংহতি আন্দোলন মাথাল প্রতিকে নাহিদা জাহান ২৫৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতিকে মোহাম্মদ আশরাফুর হক ২৫৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে ভোটে জয় লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী এড: আব্দুল মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীক নিয়ে পান ৮৪ হাজার ৭০৮ ভোট।ছাড়াও ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতি আমজাদ হোসাইন আশরাফী রিকশা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৭৫৭ ভোট।
নবীনগর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক–অষ্টমাংশ না পাওয়ায় এ আসনের মোট পাচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
« বাঞ্ছারামপুরে ১০ প্রার্থীর ৮ জনই হারিয়েছেন জামানত (Previous News)
(Next News) চারদিন পর আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু »



















