Main Menu

বাঞ্ছারামপুরে ১০ প্রার্থীর ৮ জনই হারিয়েছেন জামানত

[Web-Dorado_Zoom]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মোট ১০ জন প্রার্থী অংশ নিলেও তাদের মধ্যে ৮ জনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী এ তথ্য জানা যায়।
এ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৫ হাজার ৩৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছে ৩৯ হাজার ৯৭৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া জেলার এই আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৫০ যা মোট ভোটের ৫২.৫৮ শতাংশ। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীকে জামানত হারাতে হয়। সে হিসাবে ১৯ হাজার ১৩১ ভোটের কম পাওয়ায় ৮ জন প্রার্থী তাদের জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত হারান।
জামানত হারানো প্রার্থীরা হলেন জেএসডির কে এম জাবির (তারা) ১৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী ড. মো. সাইদুজ্জামান কামাল (হরিণ) ১ হাজার ৯২৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস সিকদার (ফুটবল) ৬৬৬ ভোট, ইসলামি ফ্রন্টের আবু নাসের (মোমবাতি) ২ হাজার ৩৫৩ ভোট, এনপিপির সফিকুল ইসলাম (আম) ১০৬ ভোট, ইনসানিয়াত বিপ্লবের হাবিবুর রহমান (আপেল) ১৩৯ ভোট, ইসলামি আন্দোলনের সাইদউদ্দিন খান (হাতপাখা) ৮ হাজার ৫৭২ ভোট এবং গণঅধিকার পরিষদের সফিকুল ইসলাম (ট্রাক) ২৮৯ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, একটি আসনে মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পেলে সংশ্লিষ্ট প্রার্থী জামানত হারান। নির্বাচনে ঘোষিত ফলাফলের ভিত্তিতে ওই ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares