Main Menu

নবীনগরে কালী মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকার মালামাল চুরি

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ভবতারিণী কালী মাতা মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
মন্দিরের সেবায়েতের ভাষ্য অনুযায়ী, চোরের দল কালী মায়ের বিগ্রহে থাকা স্বর্ণালংকারের পাশাপাশি মন্দিরে রাখা একটি শ্রাদ্ধানুষ্ঠানের যাবতীয় বাজারসদাই ও মালামাল নিয়ে যায়।
জানা গেছে, ভবতারিণী কালী মাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য সদ্য প্রয়াত সমীর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে শুক্রবার দুপুরে মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এ জন্য বৃহস্পতিবার রাতে লক্ষাধিক টাকার বাজারসদাই ও প্রয়োজনীয় মালামাল কিনে মন্দিরের ভেতরে রাখা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই চুরির ঘটনা ঘটে।
মন্দিরের সেবায়েত হীরা বর্মণ (৪৮) বলেন, ‘মন্দিরের পাশের ঘরেই আমি থাকি। চোরের দল রাতে প্রথমে আমাকে ওই ঘরে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখে। এরপর মন্দিরের সিসিটিভি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে মায়ের বিগ্রহে থাকা স্বর্ণালংকার ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্য রাখা মধ্যাহ্নভোজের যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়।’
প্রয়াত সমীর ঘোষের ছোট ভাই ও প্রথম আলোর জিএম অরূপ কুমার ঘোষ বলেন, ‘আমার মেজদার শ্রাদ্ধানুষ্ঠান ও মধ্যাহ্নভোজের জন্য লক্ষাধিক টাকার বাজারসদাই কিনে বৃহস্পতিবার রাতে মন্দিরের ভেতরে রেখেছিলাম। কিন্তু মন্দিরের তালা ভেঙে সব মালামালসহ মায়ের মূর্তি থেকে স্বর্ণালংকারও চুরি হতে পারে, তা কখনো কল্পনাও করতে পারিনি।’
স্থানীয় বাসিন্দা ছায়া রানী বলেন, কয়েক মাস আগেও মন্দিরটিতে চুরির ঘটনা ঘটেছিল। আবারও একইভাবে চুরি হওয়ায় তাঁরা উদ্বিগ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী অভিযোগ করে বলেন, সন্ধ্যার পর এলাকায় অনেক নেশাগ্রস্ত যুবকের আনাগোনা দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়ে না। এ কারণে ভয়ে স্থানীয়রা অনেক সময় মুখ খুলতে সাহস পান না।
এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।’ উল্লেখ্য, কয়েক মাস আগেও একই মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছিল। পরপর দুইবার চুরির ঘটনায় মন্দিরের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares