জুলাই সনদ বাস্তবায়ন ও সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের গণমিছিল
[Web-Dorado_Zoom]
জুলাই সনদের জনগণের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট আমলের সকল হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্যাংকের পাড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন।
এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, এনডিএফের জেলা সভাপতি ডা. এম এ হানিফ, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুজ্জামান, এইচআরডি সম্পাদক মো. রাজিফুল হাসান বাপ্পি, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রোকন উদ্দিন, দাওয়াহ সম্পাদক মাওলানা খুরশিদ আলম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুলফিকার হায়দার রাফি ও সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। তিনি বলেন, ছাত্রসমাজের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, “আজকের এই দিনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তার ফলাফল হয়েছে, মাত্র পাঁচ দিনের মাথায় দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলের লোকদের পালাতে হয়েছে।”
সমাবেশে বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, গণহত্যা, গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান।
« ১৪ দিন নিখোঁজের পর মিলল সফিকুলের পরিচয়, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর (Previous News)



















