Main Menu

জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট নির্বাচন, ৭ পদে ৪৯ প্রার্থী

[Web-Dorado_Zoom]
প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন বুধবার ৪০ জন এবং বৃহস্পতিবার শেষ দিনে আরও ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহর। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কেউ ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন, কেউ মোবাইল ফোনে ভোট চাইছেন, আবার অনেকে সরাসরি ভোটারদের সঙ্গে দেখা করে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
আগামী ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে ভোটগ্রহণ হবে।
নির্বাচন সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সর্বোচ্চ ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সেক্রেটারি পদে আটজন মনোনয়নপত্র নিয়েছেন।
দুদিনব্যাপী মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০ জন এবং বৃহস্পতিবার একই সময়ে আরও নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৮ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৯ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ আগস্ট মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩১ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ এবং ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সদস্য সচিব ও ইউনিট অফিসার বৃন্দাবন চন্দ্র মণ্ডল জানান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে মনোনয়নপত্রের মূল্য ৬ হাজার টাকা এবং সদস্য পদে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, সর্বশেষ ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এ বি এম তৈমুর এবং সেক্রেটারি নির্বাচিত হন আহসান হাবিব। ২০১৪ সাল পর্যন্ত ওই কমিটি কার্যক্রম পরিচালনা করার পর আহ্বায়ক কমিটির মাধ্যমে ইউনিটের কার্যক্রম চলছিল।
এবারের নির্বাচনে আজীবন সদস্য ভোটার ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ভোটার ১ হাজার ১৭৯ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন।
দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ায় নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares