গোপন বৈঠকের অভিযোগে আখাউড়ায় যুব মহিলা লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে গোপন বৈঠক করার অভিযোগে যুব মহিলা লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার রাধানগর কলেজপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রেখা বেগম, কলেজপাড়ার ফাতেমা বেগম ও দেবগ্রামের নাজমা বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই বিভিন্ন সময়ে যুব মহিলা লীগের হয়ে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আখাউড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। পরে শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরে মামলা করা হয়েছে।
« ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪ (Previous News)



















