Main Menu

কসবায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে আরও ৩ ভর্তি

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় সাপের কামড়ে নুরুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সাপের কামড়ে আহত দুই নারী ও এক পুরুষ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী।
নিহত নুরুদ্দিন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আমখার গ্রামের সোহেল মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। পরে সন্ধ্যায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের শান্তা (২৩), নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সানোয়ারা বেগম (৪২) এবং সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামের শহিদুল ইসলাম (৩৫)।
শান্তার মা নয়নতারা জানান, রোববার ভোরে টিনশেড ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় শান্তাকে সাপে কামড় দেয়। প্রথমে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
সানোয়ারা বেগমের স্বজনরা জানান, বাড়ির পাশের জমি থেকে লাকড়ি আনতে গিয়ে অসাবধানতাবশত সাপের ওপর পা পড়লে তিনি দংশনের শিকার হন। প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হলেও পরে রাতেই ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
অন্যদিকে, শহিদুল ইসলাম নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, সাপের কামড়ে আক্রান্ত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত
অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, সাপে কামড় দিলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিতে হবে। জেলার সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা রয়েছে। দ্রুত চিকিৎসা শুরু হলে রোগীর প্রাণহানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares