Main Menu

কসবায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় ভবঘুরে বৃদ্ধা নিহত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে বৃদ্ধা (প্রায় ৫৫) নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোররাত ২টার দিকে কসবা রেলওয়ে স্টেশন ইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশন ইয়ার্ডের কিলোমিটার ১৮৫/৭ থেকে ১৮৫/৮-এর মধ্যবর্তী স্থানে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না বলে জানা গেছে। দুর্ঘটনায় বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার হাত-পা ভেঙে যায়। পরে তার মরদেহ রেললাইনের ওপর পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানতে পেরে কসবা স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান আখাউড়া রেলওয়ে থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ডাটাবেজে অনুসন্ধান চালালেও কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে কসবা রেলস্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares