Main Menu

সরাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয়

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে তিনি নদীতে ডুবে যান। এদিকে মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন ওই যুবক বৈশামুড়া পূর্বপাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়ির পশ্চিম পাশে তিতাস নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে সরাইল ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ সময় অনুসন্ধানের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় ডাটাবেজে অনুসন্ধান চালালেও কোনো তথ্য পাওয়া যায়নি।  তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-কে অবহিত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে বৈশামুড়া এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় শনাক্তে পুলিশ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares