মৌলভীবাজার সদর হাসপাতালে নাসিরনগরের নারী চোর চক্রের ৫ সদস্য আটক
[Web-Dorado_Zoom]
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের লক্ষ্য করে চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি নারী চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন—আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমাসহ তাদের দলের আরও সদস্য। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল।
রোববার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে অন্যান্য রোগী ও তাদের স্বজনদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক নারীরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তারা নিয়মিত দলবদ্ধভাবে হাসপাতালে এসে রোগীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন ও নগদ টাকা লক্ষ্য করে চুরি করতেন। ঘটনার সময় তাদের কারও কাছেই চিকিৎসা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।
পরে আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ যাতে কোনো প্রতারক বা চোর চক্রের খপ্পরে না পড়েন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের ভিড়পূর্ণ স্থানে নিজেদের মূল্যবান জিনিসপত্র সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
« আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু (Previous News)



















