Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাল ভরাট, ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নয়নপুর এলাকায় সরকারি খাল ভরাট করে পাথর ভাঙার কারখানায় যাতায়াতের রাস্তা নির্মাণ এবং কৃষিজমি বালু দিয়ে ভরাটের অভিযোগে এক ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং খালে ফেলা মাটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. মরতুজা বর্ষণ এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নয়নপুর এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় যানবাহন চলাচলের সুবিধার্থে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়। একই এলাকায় নির্মাণাধীন মহাসড়কের পাশে একটি কৃষিজমিতে বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছিল। এসব কর্মকাণ্ডের ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ক্ষতির আশঙ্কা দেখা দেয়।
বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভরাটের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং খালে ফেলা মাটি ১৫ কার্যদিবসের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. মরতুজা বর্ষণ বলেন, সরকারি খাল, জলাশয় ও কৃষিজমি অবৈধভাবে ভরাট কিংবা দখল করার সুযোগ নেই। সদর উপজেলার যেকোনো স্থানে পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares