Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী আটক

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে রহমত আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভোরে রহমত আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সাড়ে তিন লাখ টাকা কাবিনে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই গৃহবধূর সঙ্গে রহমত আলীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও পরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শোয়ার কক্ষে রহমত আলী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা এনে দিতে পারবেন না বলে জানান ওই গৃহবধূ।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রহমত আলী তার স্ত্রীর গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ পরিবারের।
অ্যাসিড নিক্ষেপের পর ওই গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares