Main Menu

ব্যবসায়িক বিরোধে এনামুল হক হত্যা: ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক আসামি গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
কুমিল্লার বুড়িচংয়ে ব্যবসায়িক বিরোধের জেরে এনামুল হক হত্যা মামলার এক পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-২ শ্রীমঙ্গল, মৌলভীবাজারের যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং থানার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. কামালকে (৪০) গ্রেপ্তার করে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত আবু জাফরের ছেলে।
র‌্যাব জানায়, নিহত এনামুল হক (২৯) কুমিল্লা কোতোয়ালি থানার উত্তর মাঝিগাছা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি অভিযুক্তদের সঙ্গে যৌথভাবে গরুর ব্যবসা করতেন। ব্যবসায়িক বিরোধের জেরে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়।
গত ১৩ মে ২০২৬ সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড ঘরে এনামুল হককে নিয়ে হাত-পা বেঁধে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের অংশ হিসেবে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।
গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares