বিজয়নগরে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ভাগলপুর এলাকায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন আলীনগর বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয় টহল দল। এ সময় ভারতের দিক থেকে মাথায় কার্টন নিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা কার্টনগুলো ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল ইস্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ ও ১৭৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
« কেমিক্যাল দিয়ে দুর্গন্ধ দূর করে পচা ডিমে তৈরি হচ্ছিল বেকারি পণ্য, জরিমানা ১ লাখ টাকা (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক »



















