Main Menu

বদলির আদেশের পরও সরাইল থানার ওসির দায়িত্ব নিয়ে অনিশ্চয়তা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।
তবে বদলির খবর ছড়িয়ে পড়ার পর ওসি মনজুর কাদের ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁর বদলির আদেশ স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম বলেন, ‘আমরা বদলির আদেশের কাগজ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তাঁর দায়িত্ব পালনকালে তাঁকে ঘিরে বিতর্ক নানা তৈরি হয়। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান। এ সময় তাঁর সঙ্গে আসা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া অভিযোগটি অস্বীকার করেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
এ ছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন এবং নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।
এদিকে বদলির আদেশ জারি এবং তা স্থগিতের বিষয়ে ওসির বক্তব্যের পর তাঁর কর্মস্থল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি সরাইল থানায় দায়িত্ব পালন অব্যাহত রাখবেন, নাকি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত হবেন, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি। সরাইল থানায় নতুন ওসি কে হচ্ছেন, তা-ও এখনো জানা যায়নি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares