Main Menu

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে মানববন্ধন

[Web-Dorado_Zoom]
শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রতিবাদে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহর দিন দিন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলের পাশে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভার নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ ব্যবস্থার অভাবে এই সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া চাই”, “পরিচ্ছন্ন শহর গড়তে হলে ময়লার স্তূপ সরাতে হবে”, “আমার শহর ময়লা কেন?”, “পরিবেশ বাঁচান, শহর বাঁচান”সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা।
এ সময় বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান,সাঈদ আব্দুল হিমু, সজল চৌধুরী, আশিক, আল ফারাবী,তানিমুল ইসলাম উদয়,রফি চৌধুরী,শামিম আহমেদ,দেলোয়ার হোসাইন,মোহাম্মদ তানজিল । এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটি আধুনিক শহরের অন্যতম পূর্বশর্ত হলো সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা। তাই দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিতকরণ, নিয়মিত পরিচ্ছন্নতা
অভিযান পরিচালনা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং জনস্বার্থে এ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares